
নিউজ ডেস্কঃ আজ রবিবার (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, উচ্চ আদালত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করায় তাকে দেওয়া স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা পদক দিয়ে দেশবাসীকে অপমান করেছে বিএনপি। উচ্চ আদালত জিয়াউর রহমানের রাষ্ট্রক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করেছেন। এ কারণে তাকে দেওয়া স্বাধীনতা পদক প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জঙ্গিদের বিষয়ে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তাতে দেশবাসী হতাশ হয়েছে। জঙ্গিরা আত্মসমর্পণ না করলে পুলিশদের তো তাদের জীবন রক্ষা করে জঙ্গিদের ধরতে হবে। যুক্তরাষ্ট্রসহ উন্নত রাষ্ট্রগুলোতেও তো সন্ত্রাসীরা আত্মসমর্পণ না করলে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ২০০৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। ওই পদক ও তার নথি সংরক্ষণ করা হয় জাতীয় জাদুঘরে।