News71.com
 Bangladesh
 28 Aug 16, 06:21 PM
 274           
 0
 28 Aug 16, 06:21 PM

বাড্ডার ৪ খুন মামলার ছয় আসামি রিমান্ডে।।

বাড্ডার ৪ খুন মামলার ছয় আসামি রিমান্ডে।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডায় চার খুনের ঘটনায় গ্রেফতার ছয় আসামিকে রিমান্ড দিয়েছেন আদালত। আজ রবিবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে প্রত্যেককে তিন দিন করে রিমান্ড প্রদান করেন।

অন্যদিকে আরেক অস্ত্র মামলায় আসামি জুয়েল ও মোজাহিদুলের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিন করে রিমান্ড দেন। হত্যা মামলায় জুয়েলের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতরা হলেন- হারুনুর রশিদ জুয়েল, মোজাহিদুল ইসলাম, সাফায়েত উল্লাহ, রাহাত হোসেন কাব্য, ইকবাল আহম্মেদ ও শাহ পরান হোসেন রাজু।

গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ আগস্ট রাতে বাড্ডার আদর্শনগর পানির পাম্পের কাছে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে লক্ষ্য করে গুলি করেন অস্ত্রধারীরা। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন মোল্লা (৫৩) ও উত্তর বাড্ডার একটি হাসপাতালের সাবেক কর্মকর্তা ফিরোজ আহমেদ ওরফে মানিক (৪০) মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান ওরফে গামা ও রিকশা গ্যারেজের মালিক, ওয়ার্ড যুবলীগ নেতা আবদুস সালাম (৫৫) মারা যান। এ ঘটনায় মাহবুবুরের বাবা মতিউর রহমান ১৪ আগস্ট বাড্ডা থানায় ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন