News71.com
 Bangladesh
 28 Aug 16, 06:03 PM
 345           
 0
 28 Aug 16, 06:03 PM

আগামীকাল সোমবার থেকে ট্রেনের ঈদ টিকিট বিক্রি শুরু ।।

আগামীকাল সোমবার থেকে ট্রেনের ঈদ টিকিট বিক্রি শুরু ।।

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষ্যে সোমবার (২৯ আগস্ট) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এবার ঈদে রেলপথে ২ লক্ষ ৬০ হাজার যাত্রী সারাদেশে আসা যাওয়া করতে পারবেন।

তবে কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যের জন্য ২০ হাজার বেশি টিকিট বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। আগের ঈদে এ সংখ্যা ছিলো প্রায় ১৯ হাজার।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান, ঈদে ট্রেনের টিকিট বিক্রির জন্য তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। আর এখন অগ্রিম টিকিট ১০ দিন আগে থেকে পাওয়া যাচ্ছে। তবে একজন যাত্রী চারটির বেশি টিকিট কিনতে পারবেন না।

সোমবার ২৯ আগস্ট দেওয়া হবে ৭ সেপ্টেম্বরের, ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ অগাস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের এবং ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি হবে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১৯টি কাউন্টার থেকে।

প্রতিদিন সকাল ৮টায় অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। আবার ৫ সেপ্টেম্বর শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। যা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। 

 

রেলপথ মন্ত্রণালয় ও রেলভবন সূত্রে জানা যায়, অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য অতিরিক্ত কোচ ও ইঞ্জিন শিগগিরই যোগ করা হবে। বর্তমানে দৈনিক ১ হাজার ৬টি যাত্রীবাহী কোচ সারাদেশে চলছে। ঈদে পাহাড়তলী ও সৈয়দপুর ওয়ার্কসপ থেকে আরও ১৪০টি কোচ নিয়ে আসা হচ্ছে। সব মিলিয়ে কোচ সংখ্যা দাঁড়াবে ১ হাজার ১৪৬টি। আর বর্তমানে সারাদেশে ২০২টি লোকোমোটিভ ইঞ্জিন দিয়ে রেল চালানো হচ্ছে। ঈদ উপলক্ষ্যে কারখানা থেকে মেরামত করে আরো ১৮টি সহ ২২০টি ইঞ্জিন সরবরাহ করা হবে।

রেলওয়ের ঊর্ধ্বতন একজন কমকর্তা জানান, নতুন করে ৩০টি’র মতো কোচ রেলে সংযুক্ত হয়েছে। এছাড়া নতুন একটি ট্রেনও চালু হচ্ছে । যে কারণে কমলাপুর থেকে টিকিট বিক্রি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি হবে।

যোগাযোগ করা হলে রেলওয়ের পাহাড়তলী কারখানার প্রধান যন্ত্র প্রকৌশলী হারুন উর রশীদ জানান, পাহাড়তলী থেকে ৭৫টি কোচ মেরামত করে দেওয়া হচ্ছে। এর মধ্যে ২৬ টি কোচ মেরামত শেষে বের হয়ে গেছে। বাকিগুলোর কাজ চলছে।

রেলওয়ের সৈয়দপুর কারাখানার প্রধান নূর হোসেন জানান, ৬৫টি কোচ মেরামত করে দিচ্ছেন তারা এর মধ্যে ২৯টি কোচ এরই মধ্যে বের হয়েছে। বাকিগুলোর কাজ চলছে।

রেলমন্ত্রী মুজিবল হক জানান, ভারত থেকে ১২০টি কোচ এবং ইন্দোনেশিয়া থেকে ১৫০টি কোচ রেলের বহরে আসবে। এর মধ্যে ভারত থেকে ৬০টি এবং ইন্দোনেশিয়া থেকে ৫৯টি কোচ এসে গেছে। ২ সেপ্টেম্বর ঢাকা-সিলেট রুটে পারাবত এক্সপ্রেস, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ তিস্তা এক্সপ্রেস, ঢাকা থেকে দিনাজপুর দ্রুতযান এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসে কোচ দেওয়া হচ্ছে।

আগামী ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ নামে নতুন একটি ট্রেন চালু করা হবে। ওইদিন ঢাকা থেকে খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনও নতুন কোচ দিয়ে চলা শুরু করবে।

এভাবে নতুন কোচ দিয়ে নতুন ট্রেন চালু ও পুরাতন ট্রেনগুলোতে নতুন কোচ সংযোজন করে ট্রেনের সংকট কাটিয়ে উঠার চেষ্টা চলছে।  ঈদুল আজহা উপলক্ষে এর মাধ্যমে অতিরিক্ত যাত্রী পরিবহন সহজ হবে বলে জানান, রেলমন্ত্রী মুজিবল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন