
নিউজ ডেস্কঃ পণ্যের চাহিদা বিশ্লেষণ করে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (২৮ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় রফতানি ট্রফি’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা নতুন নতুন বাজার খুঁজে বেড়ান। কোন দেশে কোন পণ্যের চাহিদা সেটা বিশ্লেষণ করে বাজার খোঁজ করুন। নতুন বাজার খুঁজে নিজেদের বের করতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। কিন্তু বাজার খোঁজার উদ্যোগটা আপনাদের নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ব্যবসায়ের জন্য আসিনি। ব্যবসায়ীদের সব রকমের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য কাজ করছি। বিশ্বে অর্থনৈতিক মন্দাটা যদি না হতো, আমাদের রফতানির টাকার অংকটা আরও বেশি দেখাতে পারতাম। তারপরও রফতানিতে যা আয় হচ্ছে, সেটা বড় কথা।’ ইতোমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে থাকতে চাই না।’
উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মরফুহা সুলতানা সহ প্রমুখ।