
নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানী সেনাবাহিনীর বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলেছিলাম যে তারা লেজগুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল। আর এবার আমাদের দেশের সকল মানুষ এক হয়েছে জঙ্গীরাও পালাবে। জনগণকে সাথে নিয়ে দেশকে অবশ্যই জঙ্গীবাদ মুক্ত করা হবে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনাল এলাকায় নাটোর সদর থানা আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ জঙ্গীদের পছন্দ করে না। ১৯৭১ সালের পরাজিত শত্রুরাই দেশের সন্ত্রাস ও জঙ্গী তৎপরতা চালাচ্ছে। জামায়াত ও ছাত্রশিবির বিভিন্ন সময়ে বিভিন্ন নামে দেশে এই জঙ্গী তৎপরতা চালাচ্ছে। যারা গত কয়েক বছরে যানবাহন ও অফিস আদালতে অগ্নিসংযোগ, বৌদ্ধ বিহার পোড়ানো এবং ১৯জন পুলিশ হত্যা করেছে সেসব করে সফল না হওয়ায় তারাই এখন সন্ত্রাস ও জঙ্গীবাদের নামে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।
এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সদরের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল এমপি। নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, পিপি সিরাজুল ইসলাম, আব্দুল মালেক শেখ, বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া ও রুহুল আমিন বিপ্লব প্রমুখ। আর এই সামবেশে সদর উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসা শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।