
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, '১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন এদেশের মানুষকে উন্নত জীবন দিতে। তবে ১৫ আগস্টে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। তারপর থেকে ২১ বছর বাংলাদেশকে পিছিয়ে দেয়ার চক্রান্ত হয়েছিল।'
প্রধানমন্ত্রী আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেছেন।
প্রধানমন্ত্রী তার বক্তৃতার শুরুতেই স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট শাহাদত বরণকারীদের। আর এর একইসঙ্গে স্মরণ করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ আওয়ামী লীগ নেতাকর্মীদের।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে উল্লেখ এই অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মরফুহা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে বিগত ২০১১-২০১২ এবং ২০১২-২০১৩ বছরের জন্য সর্বমোট ১১৩টি জাতীয় রফতানি ট্রফি ও সনদ বিতরণ করা হয়। আর এর মধ্যে ৫২টি স্বর্ণ, ৩৭ রুপা, ২৪ ব্রোঞ্জ ট্রফি রয়েছে।