
নিউজ ডেস্কঃ বিশ্বে বেকার যুবকের হার বৃদ্ধির দিকে থাকলেও বাংলাদেশে চলতি বছর এই হার কমবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। সম্প্রতি জেনেভায় প্রকাশিত ‘দ্য ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ২০১৬’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছর তরুণদের মধ্যে বেকারত্বের হার বাড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এ বছর বিশ্বের তরুণদের মধ্যে বেকারত্বের হার দাঁড়াবে ১৩ দশমিক ১ শতাংশ এবং আগামী বছর পর্যন্ত এ হার বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ। এ বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী বেকার যুবকের সংখ্যা ৭ কোটি ১০ লাখে পৌঁছবে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ২০১৫ সালের তুলনায় পাঁচ লাখ বেশি।
বাংলাদেশে বেকার যুবকদের বর্তমান অবস্থান তুলে না ধরলেও বলা হয়েছে, এই হার দক্ষিণ-পূর্ব এশিয়ার গড় হারের সামান্য ওপরে রয়েছে। যা গতবছর দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছিলো ১০ দশমিক ৯১ শতাংশ। আইএলও’র মতে, ২০১৬ ও ২০১৭ সালে এই অঞ্চলে বেকার যুবকের হার ১০ দশমিক ৯ শতাংশে স্থিতিশীল থাকতে পারে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে এ অঞ্চলের বিশাল অর্থনৈতিক দেশ ভারতে বেকার যুবকের হার সামান্য কমতে পারে।
চলতি বছর বিশ্বে বেকার যুবকের সংখ্যা ৫ লাখ বৃদ্ধি পেয়ে ৭ কোটি ১ লাখে পৌঁছতে পারে। তিন বছরের মধ্যে এই প্রথমবারের মতো এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যা গতবছরের চেয়ে ২ শতাংশের মতো বেশি।
কর্মসংস্থানে তরুণ নারী ও পুরুষের মধ্যে অসমতা, বিশেষ করে দক্ষিণ এশিয়া, আরব রাষ্ট্রগুলো ও উত্তর আফ্রিকায় উল্লেখযোগ্য মাত্রায় দেখা যায়। অর্থনৈতিক মন্দার প্রভাবে এ অঞ্চলগুলোয় তরুণ বেকারদের হার বৃদ্ধি পেয়েছে। সশস্ত্র সংঘর্ষ, প্রাকৃতিক দুর্যোগসহ যোগ্যতা ভিত্তিক কাজের সুযোগের অভাবে অভিবাসন বেড়েছে। আইএলওর হিসাবে, গত বছর ১৫-২৯ বছর বয়সী প্রতি পাঁচজনের একজন উন্নত জীবনের আশায় স্থায়ীভাবে নিজ দেশ ত্যাগ করেছে।