
নিউজ ডেস্কঃ সম্প্রতি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিভ্রান্তিমূলক সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে আজ শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন অত্যন্ত সময়োপযোগী ও দূরদর্শী বলে মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ।
নেতৃদ্বয় বলেন, বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে বরাবর সোচ্চার এবং চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ একটি আধুনিক পরিবেশবান্ধব ও যুগোপযোগী পদক্ষেপ। জার্মান, পোল্যান্ড, জাপান, চীন, ভারত ও অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বহু উন্নত রাষ্ট্রেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এসব রাষ্ট্রের সচিত্র প্রতিবেদন তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণীয় যুক্তিযুক্ত বক্তব্য সকলকেই মোহিত করে।
৯১৫ একর অকৃষি জমি যেখানে কোন মানুষের বসতভিটা ছিল না অথচ এর বিরুদ্ধে মিথ্যে প্রচারনা চালাচ্ছে একটি চিহ্নিত ষড়যন্ত্রকারী মহল। নেতৃদ্বয় খালেদা জিয়াসহ রাতজেগে টকশোতে অংশ নিয়ে সত্যের অপলাপ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।