
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে নিহত তামিম চৌধুরী নিউ জেএমবি'র সামরিক শাখার প্রধান বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ শনিবার অভিযান শেষ হওয়ার পর বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আইজিপি।
তিনি বলেন, "সে (তামিম চৌধুরী) গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার মূল হোতা।'' আজকের অভিযানকে 'হিট স্ট্রং ২৭' নামকরণ করে শহীদুল বলেন, "কানাডাপ্রবাসী তামিমকে ধরার জন্য আমরা আগেই পুরস্কার ঘোষণা করেছিলাম।" আজকের অভিযানে নিহত অন্য দুজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে জানিয়ে আইজিপি বলেন, "জঙ্গিদের আস্তানা থেকে একটি একে ২২ রাইফেল, একটি পিস্তল ও তিনটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে।"
শহীদুল হক বলেন, "ঈদের আগে পাইকপাড়া এলাকায় ওষুধ ব্যবসায়ী পরিচয়ে ঘর ভাড়া নেওয়া হয়। সেখান থেকেই তারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিলেন।" ঘটনাস্থলে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করছে জানিয়ে তিনি বলেন, "এক ঘণ্টার অভিযানের নেতৃত্ব দেয় ডিএমপি পুলিশ, সিটি পুলিশ ও লোকাল পুলিশ।"
তিনি আরো বলেন, "পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণ করার নির্দেশ দিলেও তারা তা না করে পুলিশের ওপর গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশ পাল্টা গুলি চালায়।