
নিউজ ডেস্কঃ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও ওয়াইল্ডলাইফ সেন্টার পরিদর্শন করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শুক্রবার দুপুরে তিনি গাজীপুর সদরের মাস্টার বাড়ি এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের অভ্যন্তরে নির্মাণাধীন ওয়াইল্ডলাইফ সেন্টার পরিদর্শন করেন। পরে তিনি জেলার শ্রীপুরের ইন্দ্রপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শনে যান। সেখানে তিনি সাফারি পার্কের নিজস্ব গাড়িতে করে বিভিন্ন প্রজাতির প্রাণী দর্শন করেন। এছাড়া তিনি সাফারি পার্কের সার্বিক ব্যবস্থাপনা এবং ওয়াইল্ডলাইফ সেন্টারের নির্মাণ কাজের প্রশংসা করেন। তিনি সাফারি পার্কের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে দিকনির্দেশনা প্রদান করেন। এটাকে কীভাবে আরো উন্নত করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নিলে সার্বিক সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।
প্রসঙ্গত, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় গত ২০১১-২০১২ অর্থবছরে শুরু হওয়া ‘স্ট্রেংদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ডলাইফ প্রটেকশন’ (এসআরসিডব্লিউপি) প্রকল্পটি এ বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৬৮ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় ওয়াইল্ডলাইফ সেন্টারটি নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি টাকা। গত বছরের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পটি শেষ হবে এ বছরের ৩১ অক্টোবর।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপ-প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী, এসআরসিডব্লিউপি প্রকল্পের পরিচালক আব্দুল মাবুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক অসিত রঞ্জন পাল, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নুর সিদ্দিকী, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. শাহাবুদ্দিন, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআরসিডব্লিউপি প্রকল্পের পরিচালক আব্দুল মাবুদ জানান, ওয়াইল্ডলাইফ সেন্টারটিতে বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণা ও প্রশিক্ষণ প্রদান করা হবে। এ সেন্টার থেকে বন্যপ্রাণী বিষয়ক সার্টিফিকেট কোর্স, সংক্ষিপ্ত কোর্স, ডিপ্লোমা কোর্স ও মাস্টার্স কোর্স পরিচালনা করা হবে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ মোট ১৯টি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াইল্ডলাইফ সেন্টারের চুক্তি হয়েছে। আন্তর্জাতিক মানের এ সেন্টারটিতে মূলত বন বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বন্যপ্রাণী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া বেসরকারি ও আন্তর্জাতিক অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারাও প্রশিক্ষণ নিতে পারবে। সেন্টারটিতে ৬ কোটি টাকা ব্যয়ে একটি ডরমেটরিও নির্মাণ করা হয়েছে।
প্রকল্প পরিচালক আরো জানান, প্রকল্পটি শেষ হওয়ার পর সরকারের রাজস্ব বাজেট থেকে ওয়াইল্ডলাইফ সেন্টারটি পরিচালনা করা না হলে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে বলে বন্যপ্রাণী বিষয়ক গবেষকগণ মনে করছেন।