
নিউজ ডেস্কঃ খুলনার ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আবুল কালাম ফকিরকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শুক্রবার রাতে মৎস্য ঘেরে যাওয়ার পথে নিজ বাড়ির কাছেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কালা হাবিবসহ তিনজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম শুক্রবার রাতে নিজের মৎস্য ঘেরে যাওয়ার পথে উপজেলার ভাণ্ডারপাড়ার নিজ বাড়ির কাছেই প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন।
ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর জানান, দুর্বৃত্তরা বিএনপি নেতা আবুল কালামকে কুপিয়ে হত্যা করেছে।
ডুমুরিয়া থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কালা হাবিবসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত কালা হাবিবই তাকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।