
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, 'জঙ্গিবাদের নামে যারা সমাজে সাম্প্রদায়িকতা ও ঘৃণা ছড়িয়ে সামাজিক সম্প্রীতি ধ্বংস করতে চায় তাদেরকে পরাজিত করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।' তিনি আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওস্থ বনভবন মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 'জন্মাষ্টমীতে গীতার বেঁনেসাস' নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা যুগাচার্য কৃষ্ণদাস জিসি বিশ্বাস জয়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার ফার্স্ট সেক্রোটারি অরুন্ধতী দাস বক্তৃতা করেন।
জন্মাষ্টমীর মূল বাণীই হচ্ছে, অন্যায়, অত্যাচার আর অসুন্দরকে পেছনে ফেলে সত্য, সুন্দর ও সাম্যের সমাজ সৃষ্টি এ কথা উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, 'শ্রীকৃষ্ণ অত্যাচারী কংসকে দমন করে ঘৃণা বিদ্বেষ আর বিভেদের শেকড় সমাজ থেকে উৎপাটন করেছিলেন।'
আজকে যারা হত্যা, সন্ত্রাস আর জঙ্গিবাদের নামে সমাজে সাম্প্রদায়িকতা ও ঘৃণা ছড়িয়ে সামাজিক সাম্য ধ্বংস করতে চায়, তাদেরকে পরাজিত করার জন্য তিনি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিমান মন্ত্রী বলেন, হাজার বছরের বাঙালী জাতিসত্তা অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক। ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ 'আল কুরআনে' যেমন সব ধর্ম-বিশ্বাসীদের সমঅধিকারের পাশাপাশি ধর্মের নামে কোন প্রকার বাড়াবাড়িকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তেমনি গীতার বাণীও অসাম্প্রদায়িক চেতনাজাত যা মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ গঠনে সহায়ক।