
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। আর আবেদন শুরুর পর গতকাল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম ৬ ঘণ্টাতে ৯৮১টি আবেদন জমা পড়েছে ।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত অ-ইউনিটে ৩৫৩টি, ই- ইউনিটে ২২২টি, ঈ-ইউনিটে ১৬৪টি, উ-ইউনিটে ২২৬টি এবং ঊ-ইউনিটে ১৬টিসহ মোট ৯৮১টি আবেদন জমা পড়েছে। ১০ই সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এবার ৫টি ইউনিটের ২৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩শে সেপ্টেম্বর শুক্রবার ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভুক্ত এবং আইইআর), ২৪শে সেপ্টেম্বর শনিবার ‘ই’ ইউনিটের (সংগীত বিভাগ, চারুকলা বিভাগ ও নাট্যকলা বিভাগ), ৩০শে সেপ্টেম্বর শুক্রবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত), ২১শে অক্টোবর শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত) এবং ২৮শে অক্টোবর শুক্রবার ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admission.jnu.ac.bd)-এ পাওয়া যাবে ।