News71.com
 Bangladesh
 26 Aug 16, 11:46 AM
 351           
 0
 26 Aug 16, 11:46 AM

‘হাইওয়ের পাশে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না’ ।। ওবায়দুল কাদের

‘হাইওয়ের পাশে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না’ ।। ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারে কোরবানির ঈদে হাইওয়ের পাশে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না। এছাড়া পশু পরিবহনে কোন আনফিট গাড়ি মহাসড়কে উঠতে দেয়া হবে না। এগুলোকে উৎসমুখেই আটকে দেয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং হাইওয়ে পুলিশকে নিদের্শ দেয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯ টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়ায় ঢাকা-বাইপাস সড়কে ‘গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা’ পর্যন্ত সড়কের চার লেন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা কথা বলেন।

তিনি বলেছেন, রমজানের ঈদের চেয়ে কোরবানি ঈদ অনেক বেশি চ্যালেঞ্জিং। এই ঈদে রাস্তার পাশে পশুর হাট বসানো হয় বেশিরভাগ। এছাড়া ফিটনেসবিহীন পশুবাহী গাড়ি মহাসড়কে বিকল হলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি করে।

তিনি আরও বলেছেন, প্রতি ঈদের আগেই গার্মেন্টস কারখানাগুলো একসঙ্গে ছুটি দেয়ার কারণেও গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এজন্য এবার মন্ত্রণালয় থেকে বিজেএমইকে নির্দেশনা দেয়া হয়েছে যেন গার্মেন্টগুলো পৃথক দিনে ছুটি ঘোষণা করে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কড্ডা ও বাইমাইল এলাকায় ময়লা ফেলার কারণে যানজট সৃষ্টি প্রসঙ্গে তিনি বলেছেন, এ ব্যাপারে গাজীপুর সিটি মেয়রের সঙ্গে কথা হয়েছে আমার। তাকে বলা হয়েছে আর যেন মহাসড়কের ওই স্থানে কোনো ময়লা ফেলা না হয়। এ নির্দেশ মানা না হলে ওই ময়লা সিটি কর্পোরেশনের সামনে ও মেয়রের বাসার সামনে ফেলার জন্য তিনি হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নিদের্শ দেন।

তখন মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজাসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন