
নিউজ ডেস্কঃ সামাজিকতা করুন, তবে সাবধানে। বিশেষ করে, সোশ্যাল মিডিয়ায়। কারণ এবার থেকে বিকৃত বা ক্ষতিকারক ছবি, জোকস কিংবা ভিডিও শেয়ার করলেই পৌঁছে যেতে পারেন শ্রীঘরে। তবে সেটা ভারতে, বাংলাদেশে নয়। ভারতীয় দণ্ডবিধির ৫০৫ নম্বর ধারায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হবে অভিযুক্তকে, এমনটাই জানাল দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের কমিশনার এম চন্দ্রশেখর জানান, ইতোমধ্যেই তিন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। ভুয়া খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। নিজের প্রতারিত হওয়ার কথাও এ দিন সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। এও জানান, এখন প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গিয়েছে। হিস্ট্রি ডিলিট করে ফেললেও পুরনো তথ্য উদ্ধার করা কোনও ব্যাপারই নয়।
সোশ্যাল মিডিয়ায় এই ধরণের কিছু দেখলে বা প্রতারিত হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর কথা বলেছেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীর ৩ থেকে ৬ বছর পর্যন্ত জেল হতে পারে অথবা আর্থিক জরিমানা। অপরাধের গুরুত্ব নির্বিশেষে দুই-ই একসঙ্গে হতে পারে।