News71.com
 Bangladesh
 25 Aug 16, 12:27 PM
 289           
 0
 25 Aug 16, 12:27 PM

মাগুরায় সড়ক দুর্ঘটনা ।। বাবা-মেয়ে নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনা ।। বাবা-মেয়ে নিহত

নিউজ ডেস্কঃ মাগুরার শালিখা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে মেয়ের মা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে মাগুরা-যশোর সড়কের আড়পাড়ায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাগুরা সদর থানার এসআই নাসিরুল ইসলাম। নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার কুলবাড়ি গ্রামের সঞ্জয় দাস ও তার ৫ বছরের মেয়ে তৃষা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সঞ্জয়ের স্ত্রী তৃপ্তি দাস।

এসআই নাসিরুল বলেন, সঞ্জয় তার স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। “আড়পাড়ায় ব্র্যাক অফিসের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তারা তিনজনই গুরুতর আহত হন।” তাদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সঞ্জয় ও তৃষাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই নাসিরুল।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত তৃপ্তি দাসকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সঞ্জয় যশোরের ঝিকড়গাছায় জাগরণীচক্র ফাউন্ডেশন নামে একটি এনজিতে চাকরি করতেন বলে জানান এসআই নাসিরুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন