
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবাসিক সমস্যার সমাধানে সরকার সর্বতোভাবে সচেষ্ট রয়েছে। শিক্ষার্থীদের প্রকট আবাসন সমস্যার প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা নিরসনে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগও গ্রহণ করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল নির্মাণের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে মন্ত্রী আজ বুধবার তার কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব কথা বলেন। হল সমস্যা সমাধানে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী এ ব্যাপারে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।
সভায় শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব এ. এস. মাহমুদ, মো. হেলাল উদ্দিন, অশোক কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষামন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য আবাসিক হলের দাবিতে গত কয়েকদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।