News71.com
 Bangladesh
 24 Aug 16, 06:53 PM
 279           
 0
 24 Aug 16, 06:53 PM

জামালপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ ।। বাড়িঘর ভাঙচুর, গ্রেফতার ৩

জামালপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ ।। বাড়িঘর ভাঙচুর, গ্রেফতার ৩

নিউজ ডেস্কঃ জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বেপারিপাড়া ও মির্জাপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছে।  আজ বুধবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে শরিফপুর এলাকার বেপারিপাড়া ও মির্জাপুর গ্রামের দুই শিশু শিক্ষার্থীর মধ্যে স্থানীয় একটি কোচিং সেন্টারে ঝগড়া হয়। এর জের ধরে মির্জাপুর গ্রামের শতাধিক বাসিন্দা বেপারিপাড়া গ্রামে হামলা চালিয়ে ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। এ সময় মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই হামলার ঘটনায় বেপারিপাড়া গ্রামের অজুফা বেগম (৪৫), জীবন নাহার (৩০), জায়েদা বেগমসহ (৪৫) ১০ জন আহত হয়েছেন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি নাছিমুল ইসলাম জানান, শরিফপুর এলাকায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তী যেকোনো সংঘর্ষ নিয়ন্ত্রণে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার ও  থানায় একটি মামলা দায়ের করা হয়েছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন