
নিউজ ডেস্কঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে (২০১৬-১৭) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ই নভেম্বর। চলবে ৫ই নভেম্বর পর্যন্ত। তাছাড়া চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন একটি স্কুল (অনুষদ) ও ২টি ডিসিপ্লিন (বিভাগ) চালু করা হচ্ছে। শিগগিরই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে। আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন অনুষদের নামে এই নতুন অনুষদের অধীনে আইন ও বিচার বিভাগ এবং বর্তমান কলা ও মানবিক অনুষদের অধীনে ইতিহাস ও সভ্যতা বিভাগ নামে নতুন ২টি বিভাগ চালুর সিদ্ধান্ত হয়। চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থীরা ওই ২ বিভাগে ভর্তির সুযোগ পাবেন ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন ২ বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। তাছাড়া স্থাপত্য ও গণিত বিভাগে ৫টি করে মোট ১০টি এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগে ২টি আসন বাড়ানো হচ্ছে। এর ফলে চলতি শিক্ষাবর্ষে নতুন ৯২টি আসন বৃদ্ধি পাচ্ছে। সে ক্ষেত্রে মোট আসনসংখ্যা দাঁড়াবে ১ হাজার ২১০টি এবং বিভাগের সংখ্যা উন্নীত হবে ২৮টিতে ।
ভর্তি কমিটির সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। তাছাড়া সভায় ভর্তি কমিটির সদস্য, ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন ।