
নিউজ ডেস্ক: বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতার জুতাপেটা করার প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জে দ্বিতীয় দিনের মতো ক্লাশ বর্জন করে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী উপজেলার গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
তাদের এই মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী ও অভিভাবকরা বলেছেন, ওই বিদ্যালয়টির তহবিলে থাকা দেড় লক্ষ টাকা বেশ কয়েকদিন ধরে ধার হিসেবে চাচ্ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু। কিন্তু প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এভাবে টাকা দিতে অপারগতা জানিয়ে ম্যানেজিং কমিটির সভায় এই বিষয়টি সমাধানের পরামর্শ দেন। আর এরই ফলে গত রবিবার বিকালে প্রধান শিক্ষককে জরুরি সভা ডাকার পরামর্শ দেন সভাপতি।
ওই সভায় উপস্থিতরা রঞ্জুর চাপে একপর্যায়ে তাকে ৫০ হাজার টাকা ধার দেওয়ার বিষয়ে একমত হন। কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারেননি স্কুলটির সভাপতি আওয়ামী লীগ নেতা রঞ্জু। এতে করে তিনি উত্তেজিত হয়ে রেজুলেশন বইয়ের কয়েকটি পাতা ছিড়ে ফেলে নিজের পায়ের জুতা খুলে সবার সামনেই প্রধান শিক্ষককে পেটাতে থাকেন। পরে উপস্থিত সদস্য ও শিক্ষকরা তাকে উদ্ধার করেন। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে ও সুষ্ঠ বিচার দাবিতে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের ক্লাসবর্জন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেছেন, বিদ্যালয়ের তহবিলে থাকা দেড় লক্ষ টাকা কয়েকদিন ধরে ধার নিতে চাপ দিচ্ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি রঞ্জু। সেই টাকা না পেয়ে সভাপতি ক্ষিপ্ত হয়ে রেজুলেশন বই ছিড়ে ফেলেন এবং তাকে স্যান্ডেল খুলে মারতে থাকেন।
গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আতাউজ্জামান রঞ্জু শিক্ষককে জুতাপেটাসহ লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে বলেছেন, ''স্কুলের হিসাব-নিকাশ নিয়ে মিটিংয়ে প্রধান শিক্ষকের সাথে একটু মনমালিন্য হয়েছে মাত্র।''
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আলম বলেছেন, আজ মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই বিষয়ে প্রধান শিক্ষককে মামলা করার জন্য বলা হয়েছে।