
নিউজ ডেস্কঃ ২০১৪ সাল থেকে গত ২ অর্থ বছরে ভূমি মন্ত্রণালয় থেকে ৫৮ হাজার ৫৪৫টি পরিবারের মধ্যে ৩৫ হাজার ৯৮০ একর ৬৫ শতাংশ খাস জমি বিতরণ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আজ এ তথ্য জানানো হয় ।
আজ সংসদ ভবনে কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এই জমির মধ্যে ২০১৪ সালের জানুয়ারী থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত মোট ৩৮ হাজার ৩০৮টি পরিবারকে ২৩ হাজার ১৭৪ একর ৫১ শতাংশ এবং ২০১৫-১৬ অর্থ বছরে মে পর্যন্ত ২০২৩৭টি পরিবারকে ১২ হাজার ৮০৬ একর ১৪ শতাংশ জমি বন্দোবস্ত দেয়া হয় ।
কমিটির সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এ, কে, এম মাঈদুল ইসলাম, জাহান আরা বেগম সুরমা এবং গাজী ম, ম, আমজাদ হোসেন মিলন সভায় অংশগ্রহণ করেন। কমিটি কৃষি জমি নষ্ট করে যাতে ঘর-বাড়ী, ইটভাটা ও শিল্প কারখানা গড়ে না উঠে সে জন্য স্থানীয় প্রশাসনকে মন্ত্রণালয় হতে নির্দেশনা প্রদানের সুপারিশ করে। সভায় জামালপুর ও শেরপুর জেলার মধ্যে ব্রহ্মপুত্র নদের মূল স্রোত ধারা মোতাবেক সীমানা নির্ধারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করা হয় ।
কমিটি মন্ত্রণালয়ের অধীন যেসব মামলা চলমান রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে সুপারিশ করে। সভায় ভূমি সংস্কার বোর্ড ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।