
নিউজ ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের কুচখালী চরে ডাকাতের গুলিতে শহিদুল খান (৩৮) নামে একব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার (২২ আগস্ট) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল খান একই গ্রামের মৃত্যু জবেদ আলী খাঁনের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নৌকা যোগে একদল সশস্ত্র ডাকাত শহিদুলের গোয়াল ঘর থেকে নয়টি গরু বের করে নৌকায় তোলার চেষ্টা করে। এ সময় শহিদুল বাঁধা দিলে ডাকাতের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জালাল জানান, ডাকাতের গুলিতে শহিদুল মারা গেলে ডাকাতদল গরু না নিয়ে দ্রুত নৌকা যোগে পালিয়ে যান। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার।