
নিউজ ডেস্কঃ অতিবর্ষণে সৃষ্ট বন্যার পানিতে যশোরের তিনটি উপজেলায় ২২৫টি গ্রামের ৫০ হাজার পরিবারের দুই লক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরমধ্যে প্রায় ২ হাজার ৫০০ পরিবারের ১২ হাজার মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রসহ উঁচু রাস্তায়। গতকাল সোমবার (২২ আগস্ট) রাতে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।
বিমানবাহিনীর যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া দফতর জানায়, রোববার (২১ আগস্ট) সকাল থেকে সারাদিন যশোরে ১২০ মিলিমিটার বৃষ্টি হয়। এছাড়া গত ১১ আগস্ট যশোরে ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়ে চলতি মৌসুমে রেকর্ড গড়ে।
দশ দিনের ব্যবধানে দুই দফায় প্রায় ৩০০ মিলিমিটিার বৃষ্টিপাতে যশোর শহরের কিছু এলাকা ছাড়াও জেলার কেশবপুর, মণিরামপুর ও অভয়নগরে বন্যায় প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার পুকুর, মাছের ঘের, খাল-বিল ভেসে গেছে। প্রায় তিনশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য চাষিদের। জেলার অধিকাংশ বিলে সদ্য রোপণ করা রোপা আমন ও সবজি খেত নষ্ট হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, গত ১০ দিনের ব্যবধানে দুই দফার বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে কেশবপুরের ৫২টি গ্রামের ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে প্রায় ১ হাজার ৩০০ পরিবারের পাঁচ হাজার মানুষ ১৫টি আশ্রয় কেন্দ্র ও উচু রাস্তায় আশ্রয় নিয়েছেন।
আশ্রয়কেন্দ্রে আসা ১ হাজার ৩০০ পরিবারের মধ্যে প্রায় ৯০০ পরিবার পৌরসভা এলাকার বাসিন্দা বলেও জানান তিনি।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান জানান, অতিবর্ষণের ফলে সৃষ্ট বন্যার কারণে মণিরামপুরের ১২০টি গ্রামের ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উপজেলার ২৫টি আশ্রয়কেন্দ্রে চার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।
অপরদিকে, বন্যার কারণে অভয়নগরের ৫০টি গ্রামের ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরমধ্যে দুই শতাধিক পরিবারের প্রায় এক হাজার মানুষ আটি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বলে জানান অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া।