
নিউজ ডেস্ক: নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া বাজারের অদূরে পদ্মা নদীতে আজ সকালে খেয়া নৌকা ডুবে ১০ জন যাত্রী নিখোঁজ হয়েছে। এই ঘটনায় নিখোঁজদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, উপজেলার চকবাদকয়া গ্রামের মৃত রহমান আলীর ছেলে চান্দের আলী (৫০), একই গ্রামের মৃত লাল চাঁদ মন্ডলের ছেলে জামাল উদ্দিন (৪৮) ও মহরকয়া গ্রামের মৃত মহম্মদ তালুকদারের ছেলে ভাষান আলী (৩২)। লালপুর ও রাজশাহীর দমকল বাহিনীর কর্মীরা ওই ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আজ সকাল ৭ টার দিকে বিলমাড়িয়া বাজারের ঘাট থেকে খেয়া নৌকায় করে শতাধিক যাত্রী পদ্মার চরের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। ওই নৌকাটি মাঝ নদীতে গিয়ে ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরিয়ে তীরে উঠলেও ১০ জনের কোনো সন্ধান মেলেনি।