
নিউজ ডেস্ক: নির্দিষ্ট সময়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া চিঠির জবাব দেবেন কি না, তা নিশ্চিত করেননি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, লাস্ট ডেট বলতে কোনো শব্দ নেই। আগামীকাল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া ৭ দিন সময় শেষ হচ্ছে।
আজ সোমবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র বলেছেন, ‘লাস্ট ডেট বলতে কোনো শব্দ নেই। এটির কোনো বাধ্যবাধকতা নেই। এটি কোনো শোকজ না। এটি কোনো ব্যাখ্যাও না। আমি আমার অবস্থান থেকে যা যা করার করব ও বলব। সব দেখবেন ও জানবেন।’ আর ‘আমি যা কিছু করছি চট্টগ্রামের স্বার্থে। শুধু চট্টগ্রাম নয়, দেশেরও স্বার্থেও। শুধু আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে বলেছি এই বিষয়টি এমন না।’
গত ১০ আগস্ট চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। তিনি বলেছেন, ‘যদি ৫ শতাংশ করে দিতে পারতাম, তাহলে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা আনতে পারতাম।’ এই বক্তব্যের পক্ষে প্রমাণ দেওয়ার অনুরোধ জানিয়ে গত ১১ আগস্ট মেয়রকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
চিঠিতে কোন কর্মকর্তা কোথায় কখন ঘুষ দাবি করেছেন, কে কোথায় কখন পাজেরো জিপ চেয়েছেন, কোন প্রকল্পের অর্থছাড়ে কোন কর্মকর্তা জটিলতা সৃষ্টি করেছেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে উপযুক্ত প্রমাণ মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়। চট্টগ্রামের মেয়র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা অত্যন্ত ‘গুরুতর’ উল্লেখ করে সাত দিনের মধ্যে এসব প্রমাণ দাখিল করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠি প্রসঙ্গে গত ১২ আগস্ট বিকালে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে মেয়র বলেছিলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই স্থানীয় সরকার বিভাগের চিঠির জবাব দেওয়া হবে।