
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শান্তি প্রিয় জনতা এবং ডা. জাফর উল্লাহসহ বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা বেগম খালেদা জিয়ার কাছে বিএনপিকে জামায়াত ছাড়তে যতই অনুরোধ করবে খালেদা জিয়া জামায়াতকে ততই কাছে টেনে নেবে ।
তিনি বলেন, বিএনপি কখনও জামায়াতকে ছাড়তে পারবে না। খালেদা জিয়া জামায়াত পরিবেষ্টিত। বিএনপি এখন প্রতিক্রিয়াশীলদের দলে পরিণত হয়েছে, যারা প্রতিনিয়ত জঙ্গীবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আর যারা স্বাধীনতা বিরোধীসহ জঙ্গীবাদ ও উগ্রবাদকে মদদ দেয় তাদের সাথে জাতীয় ঐক্য হতে পারে না।মন্ত্রী আজ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আওয়ামিলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।
সভায় আরও বক্তৃতা করেন আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। মন্ত্রী মেনন বলেন, ৭৫’র ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে ৭১-এর পরাজিত শক্তি ইতিহাসের চাকা পেছনে ঘুরিয়ে, দেশে পাকিস্তানী ভাবধারা সৃষ্টি করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিস্মাৎ করে দিতে চেয়েছিলো। বঙ্গবন্ধুকে বাংলার মাটি থেকে মুছে দিতে চেয়েছিলো। কিন্তু বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধু আজও মানুষের হৃদয়ে অম্লান ।
তিনি বলেন, আজকে ধর্মের নামে যে উন্মত্তা ছড়ানোর চেষ্টা তা নতুন নয়, ১৯৭১ সালেও ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করে বাঙালির স্বাধীনতাকে বিলম্বিত করার পায়তারা হয়েছিলো। কিন্তু অপরাজেয় এ জাতির সম্মিলিত আকাক্সক্ষার কাছে তা ব্যর্থ হযেছে। কিন্তু চক্রান্ত এখনও চালিয়ে হচ্ছে। তাই ১৫ই আগস্ট, ২১শে আগস্ট এবং ১ই জুলাই একইসূত্রে গাথা। এদেরকে ৭১’র চেতনা ও প্রেরণায় পরাজিত করা হবে।