
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ জনগণের অধিকার ব্যাহতকারী জঙ্গিবাদ ও সন্ত্রসাবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি গ্রহণের জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছেন ।
জাতীয় মানবাধিকার কমিশনের ৮ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে নবনিযুক্ত চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নেতৃত্বে বঙ্গভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ এসব কথা বলেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন একথা জানান। বৈঠকে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সাধারণ জনগণের মানবাধিকার সমুন্নত রাখতে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালাবে ।
প্রতিনিধিদল কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ সম্পর্কে জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী-পেশার জনগণের সঙ্গে কমিশন মতবিনিময় কর্মসূচির আয়োজন করবে। প্রতিনিধিদলটি কমিশনের নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও তারা আরও কার্যকরভাবে কর্মকান্ড পরিচালনায় দিকনির্দেশনা কামনা করেন ।
পরে, রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ। বৈঠকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। শেখ মামুন খালেদ ‘ভবিষ্যৎ অবকাঠামোগত পরিকল্পনা : রূপকল্প ২০৩০’ শীর্ষক বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। তিনি রূপকল্পের বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন ।
বিশ্ববিদ্যালয়টি যাতে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেলক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ বিউপি’র উপাচার্যকে নির্দেশ দেন। এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ সেখানে উপস্থিত ছিলেন ।