
বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে রাহাত জামান : আজ রবিবার (২১ আগস্ট, ২০১৬) রাজধানীর পান্থপথ এলাকার বসুন্ধরা সিটি শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সুস্পষ্ট ভাবে জানা যায়নি। পাশাপাশি ঘটনার পরিস্থিতি দমকল বাহিনীর দ্রুত হস্তক্ষেপের কারণে এখনো পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং আগুন নিয়ন্ত্রণে আনার যাথাযথ চেষ্টা করা হচ্ছে। আজ সকাল ১১.৩০ ঘটিকার সময় বিদ্যুৎ ঘটিত কোন কারণে ভবনের ছয়তলা একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বসুন্ধরা সিটি’র একজন নিরাপত্তা কর্মী আবুল হাসান নিউজ ৭১’কে বলেন, আগুনের খবর শুনে শপিং কমপ্লেক্সের ভেতরে থাকা লোকজনের হুড়োহুড়ি শুরু হয়। তাড়াহুড়ো করে সবাই বাইরে বেরিয়ে আসতে থাকেন। ভেতরের লোকজনকে বাইরে বের করে আনতে নিরাপত্তা কর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরাও কাজ করছেন।
কর্মরত দমকল বাহিনীর একজন সদস্য নিউজ ৭১’কে বলেন, তারা আগুন নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শপিং মলের ভেতরে থাকা প্রায় সকল মানুষকে তারা বের করে আনতে সক্ষম হলেও নিরাপত্তার স্বার্থে অনেককেই ভবনের ছাঁদে অবস্থান করতে বলা হয়েছে। অগ্নিকাণ্ডে উৎপন্ন কালো ধোঁয়া বের করে দেওয়ার উদ্দেশ্যে ভবনের অনেক গ্লাস ভেঙ্গে দেওয়া হয়েছে। বর্তমানে দমকল বাহিনীর ১২টি ইউনিট কাজ করছে। কিছুক্ষণের মধ্যে আরো ইউনিট তাদের সাথে যোগ দেবেন।
বসুন্ধরা সিটি’র একজন উর্ধ্বতন কর্মকর্তার সাথে নিউজ ৭১ কথা বলে জানতে পারে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সকল পদক্ষেপ তারা নিয়েছেন। ছয়তলার একটি জুতার দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত ধোঁয়ার কারণে কোন কাজই ঠিকভাবে করা যাচ্ছে না। সকলেই আন্তরিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
সারেজমিনে ভবনের বাহির থেকে দেখা যায়, ভেঙ্গে দেওয়া জানালা গুলো থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া কুন্ডলী পাকিয়ে বের হচ্ছে। সময় বাড়ার সাথে সাথে ধোঁয়ার পরিমাণও বেড়েই চলেছে। পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেঁয়ে গেছে। সকলের বৃষ্টির কারণে মার্কেটের প্বার্শবর্তী রাস্তায় পানি জমে থাকার কারণে মানুষ চলাচল করতে পারছে না। এতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। ধোঁয়ার কারণে সকলের শ্বাস-প্রশ্বাসেও সমস্যা হচ্ছে। ঘটনাস্থলের পার্শ্ববর্তী রাস্তা গুলোতে প্রবেশ বন্ধ করে দিলে দূর্ঘটনা আরো এড়ানো যাবে বলে স্থানীয়রা ধারণা করছেন।