
চাঁপাই নবাবগঞ্জ সংবাদদাতা: ২০০৪ সালের ২১ই আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় শহরের কলেজ মোড়স্থ মুজিব চত্বরে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমনের পরিচালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের নেতাসহ আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি দানেস আলী।
বক্তারা বলেন, ১৯৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকেরা ভেবেছিল বাংলাদেশ কে হত্যা করা হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যেতে শুরু করলে ২০০৪ সালের ২১ শে আগষ্ট আবারও তাকে সহ শীর্ষ নেতৃত্ত¡কে হত্যার মাধ্যমে পুরো মুক্তিযুদ্ধের চেতনাকেই চিরতরে বাংলার মাটি থেকে মুছে ফেলার অপচেষ্টা চালায় ঘাতকেরা। কিন্তু তারা সফল হয় নাই। তবে তাদের চেষ্টা অব্যাহত আছে বিভিন্ন জঙ্গী ও নাশকতামূলক তৎপরতার মধ্যে। এ পরিস্থিতিতে দ্রুত গ্রেনেড হামলাকারীদের বিচার দাবী করেন।
বিএনপি-জামায়াতের জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের এক সন্ত্রাসবিরোধী সমাবেশে এই ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। হামলায় ২৪ জন নিহত এবং পাঁচ শতাধিক লোক আহত হয়। নিহতদের মধ্যে ছিলেন তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান। তবে তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রথম সারির অন্যান্য নেতা এই হত্যাকাণ্ড থেকে বেঁচে যান।