
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার তাহমিদ হাসিবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এই আদেশ দেন। ৬ দিনের রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীর ।
এ বিষয়টি নিশ্চিত করে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রনক কুমার ভক্ত জানান, আসামি (তাহমিদ) পক্ষের আইনজীবীরা তাহমিদের জামিন আবেদন করেছিলেন। জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে পুলিশ তার আর কোনও রিমান্ড আবেদন করেনি ।
গত ১৩ই আগস্ট গুলশান হামলার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমকে ৮ দিনের রিমান্ডে ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। তার আগে গত ৩ই আগস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাত করিম ও তাহমিদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ২জনকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয় ।
উল্লেখ্য, গত ১ই জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে ৫ হামলাকারীসহ ৬জন নিহত হয়। তার আগে সেখানে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের ২ কর্মকর্তা ।