
নিউজ ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত পাচপুকুরিয়া গ্রামের মাসুম মিয়ার ছেলে হিমেল (১২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার সকাল ৯ টায় উপজেলাধীন মুরাদরগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব গ্রামের ব্রিজের পাশে মাল-বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। আর এতে করে এই হতাহতের ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার কাচারকান্দী গ্রামের আ. লতিফ মিয়ার ছেলে সিএনজি চালক মো. রুবেল (৩৫), ছোট ভাই মো. সোহেল (৩২), পাচপুকুরিয়া গ্রামের নাছিমা বেগম (৩৫), স্বামী সোহাগ মিয়া (৪০) এবং একই গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে আব্দুল মান্নান (৬৫)।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) আজগর আলী ওই ঘটনাস্থল পরিদর্শন করে হতাহত প্রতি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা দেন। এই বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও সিএনজিটি জব্দ করা হয়েছে।