News71.com
 Bangladesh
 19 Aug 16, 05:29 PM
 386           
 0
 19 Aug 16, 05:29 PM

ধামরাইয়ে বাল্যবিয়ের তথ্য সংগ্রহে গিয়ে ৪ সাংবাদিকসহ আহত ৫

ধামরাইয়ে বাল্যবিয়ের তথ্য সংগ্রহে গিয়ে ৪ সাংবাদিকসহ আহত ৫

 

নিউজ ডেস্ক:  বুধবার রাতে ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের শোলাবাড়ী এলাকায় বাল্যবিয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে ৪ সাংবাদিকসহ ৫ জনের ওপর সশস্ত্র হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করেছে বর ও কনে পক্ষের সন্ত্রাসীরা। তাদের একটি ঘরের ভেতর বেঁধে দরজা-জানালা বন্ধ করে অমানুষিক নির্যাতন চালানো হয় এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি ক্যামেরা ও ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

পুলিশ খবর পেয়ে গুরুতর আহতাবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল, ক্যামেরা ও মোবাইল ফোন সেট উদ্ধার কিংবা ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে তাদের গ্রেফতার করতে দফায় দফায় পুলিশি গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।

ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি ধামরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুলসহ চার সাংবাদিকের অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে। খবর পেয়ে গভীর রাতেই তাদের দেখতে হাসপাতালে যান ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মালেক, ধামরাই পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. মোহাম্মদ শামীম রহমান, ধামরাই থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ রিজাউল হক দীপুসহ রাজনৈতিক ও সাংবাদিক নেতারা।

ধামরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেনের অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে বলে জানা গেছে। অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ রিজাউল হক দীপু বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করতে দফায় দফায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন