News71.com
 Bangladesh
 19 Aug 16, 12:18 AM
 427           
 0
 19 Aug 16, 12:18 AM

হাতিবান্ধায় বয়লার বিস্ফোরণে দগ্ধ নারীসহ ৬।।

হাতিবান্ধায় বয়লার বিস্ফোরণে দগ্ধ নারীসহ ৬।।

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় চাতালের বয়লার বিস্ফোরণে নারীসহ ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আজ দুপুর ১২টার দিকে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত আমজাদ হোসেন তাজু’র চাতালে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, হাতিবান্ধা উপজেলার সিন্দুর্না গ্রামের মইশালের ছেলে অতিন্দ্র (৫০), একই গ্রামের আফসার আকন্দের ছেলে নুর মোহাম্মদ (৩০), ধীরন্দ্রনাথের ছেলে গোবিন্দ (২০), ভরসাধুর স্ত্রী স্বপ্না রানী (২৭), ওসমানের স্ত্রী আছিয়া (৪২) ও মোজাম্মেলের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)।

এর মধ্যে গুরুতর আহত অতিন্দ্র, নুর মোহাম্মদ ও গোবিন্দকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিট পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ওই চাতালের নারী শ্রমিক রশীদা বেগম জানান, দুপুর ১২টার দিকে চাতালে ধান সিদ্ধ করার জন্য বয়লারে পানি গরম করছিলেন শ্রমিকরা। কিন্তু ভুলবশত বয়লারের গ্যাস বের হওয়ার মুখ বন্ধ থাকায় অতিরিক্ত গরম হয়ে সেটি বিস্ফোরিত হয়। এতে আশপাশে থাকা ৬ শ্রমিক দগ্ধ হন।

হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. রুবেল মিয়া সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে তিন নারী শ্রমিককে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন