
উজ্জ্বল হোসেন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলে ইন্টারনেট ল্যাব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ল্যাবটি উদ্বোধন করেন হলের প্রাধ্যক্ষ ড. মু. আলী আসগর।
ল্যাবটিতে একসাথে ২০ জন শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন।
এসময় প্রাধ্যক্ষ বলেন, ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের হলে একটা মাত্র ব্লক থাকায় ইন্টারনেট পূর্ণাঙ্গ ব্যবহার সম্ভব হচ্ছে না তবে ধীরে ধীরে এ সমস্যা সমাধান করা হবে। এছাড়াও হলের যে কোন সমস্যা দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।
ইন্টারনেট ল্যাব চালু হওয়ার প্রসঙ্গে হলের শিক্ষার্থী রেজাউল করিম শামীম বলেন, আমরা হলের বিভিন্ন সুবিধার জন্য আন্দোলন করেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আন্দোলনকে ইতিবাচক মনে করে ইন্টারনেট ল্যাব চালু করেছেন সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। ল্যাবটি চালু হওয়ায় আমাদের পড়াশুনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। অন্যান্য হল যেসব সুযোগ সুবিধা পাচ্ছে আমরাও যেন সেসব সুযোগ সুবিধা পাই এটাই আমাদের কাম্য।
মতিহার হল ব্যতীত শিক্ষার্থীদের হলে প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাধ্যক্ষ বলেন, ছাত্রদের নিরাপত্তার জন্য সাময়িকভাবে সাধারণ শিক্ষার্থীদের হলে প্রবেশে নিষেধাজ্ঞা ছিলো। তবে কিছু নিয়ম মেনে এখন থেকে সবাই হলে প্রবেশ করতে পারবে । ল্যাবটির উদ্বোধনকালে হলের গৃহ শিক্ষক সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।