
নিউজ ডেস্কঃ নওগাঁর ধামইরহাট উপজেলার বিলালপুর গ্রাম থেকে সানোয়ার হোসেন (৪৫) নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সানোয়ার ওই গ্রামের ওসমান আলীর ছেলে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সানোয়ার পুলিশের তালিকাভুক্ত ডাকাত সর্দার। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তিনি অস্ত্র নিয়ে বাড়িতে অবস্থান করছেন- এমন খবরের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালানো হয়। এসময় একটি দেশি শাটার গান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করা হয়।
ওসি আরো জানান, সানোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।