
নিউজ ডেস্কঃ ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানি দুই দিনের সফরে গতকাল বুধবার (১৭ আগস্ট) রাতে ঢাকায় এসেছেন। ২০১৪ সালে ৫৭টি মুসলিম দেশের জোটের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর এটি তার তৃতীয় ঢাকা সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, দুই দিনের (১৮ ও ১৯ আগস্ট) আনুষ্ঠানিক সফরে তিনি ঢাকায় এসেছেন। ওআইসির এশিয়ার দেশগুলো সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশ সফর করছেন।
ধারণা করা হচ্ছে, ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৩তম বৈঠকের আগে এ পর্যন্ত মুসলিম বিশ্বের পরিস্থিতি এবং সদস্য দেশগুলোতে জোটের কর্মসূচি, উদ্যোগ ও সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন। এ বছরের অক্টোবরে উজবেকিস্তানের তাসখন্দে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ওআইসির মহাসচিব আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।