
নিউজ ডেস্কঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয় গুলো। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মসহ পাঠদান ভীষণভাবে ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিয়ামুল নাছির ভূঁইয়া বলেন, মাঝেমধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের শিক্ষা কার্যালয়ে গিয়ে কাজ করতে হয়। তখন পাঠদানসহ প্রশাসনিক কাজকর্ম আরও ব্যাহত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্র জানায়, সরিষাবাড়ীর আটটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৩টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই।
বিদ্যালয়গুলো হলো মানিকপটল, গোবিন্দপুর, গাড়াডোবা, তরণী আটা, ডাকাতিয়ামেন্দা, জয়নগর, চরহরিপুর, সেঙ্গুয়া পূর্ব, কুঠির হাট, বিনজাইল, ভবানীপুর, মালিপাড়া, কৃষ্ণপুর, আওনা, কাবারিয়াবাড়ি, কবুলীবাড়ি, চুনিয়াপটল, পশ্চিম গোবিন্দপুর, বীর বড়বাড়িয়া, চরবাঙ্গালী, বাঁশবাড়ি, মেদুর, রামপুর, বালিয়ামেন্দা প্রকাশ মিরকুটিয়া, পূর্ব রৌহা এস আর টি, বাঘমারা, পূর্ব ধারাবর্ষা, চরহরিপুর দক্ষিণপাড়া, দক্ষিণ নলসন্ধ্যা, দক্ষিণ দৌলতপুর, আতাউর রহমান ও টিকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তরণী আটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আবদুল মান্নান বলেন, সাত বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মসহ শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।
চরহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুই বছর ধরে প্রধান শিক্ষক না থাকায় ঠিকমতো ক্লাস নেওয়া সম্ভব হয় না। একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়। আমি শিক্ষা অফিসে গেলে বিদ্যালয় বন্ধ থাকে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়ের কাজকর্ম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। প্রতি মাসে অধিদপ্তরকে শূন্য পদের তালিকা দেওয়া হলেও কাজ হচ্ছে না। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আলিম বলেন, দীর্ঘদিন ধরে জেলায় প্রধান শিক্ষকের ৮৫টি পদ শূন্য রয়েছে। অধিদপ্তরকে দফায় দফায় চিঠি দিয়েও কাজ হয়নি।