News71.com
 Bangladesh
 18 Aug 16, 01:10 PM
 357           
 0
 18 Aug 16, 01:10 PM

পারিবারিক আদালতের মামলায় প্রতিনিধি বা অ্যাটর্নি নয় ।। ভুমিকা রাখতে হবে সরাসরি.....

পারিবারিক আদালতের মামলায় প্রতিনিধি বা অ্যাটর্নি নয় ।। ভুমিকা রাখতে হবে সরাসরি.....

নিউজ ডেস্কঃ পারিবারিক অধ্যাদেশের আওতায় করা মামলায় প্রতিনিধি বা অ্যাটর্নির মাধ্যমে কোন পক্ষ মামলা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। এক মামলায় নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে করা এক রিভিশন আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মো. আবদুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনকারী (শিশুর বাবা) পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক ইনাম, সঙ্গে ছিলেন আইনজীবী গালিব আহমেদ। অপর পক্ষে (শিশুটির মা) ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী।

আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, পারিবারিক অধ্যাদেশের ৩, ২০ ও ২১ ধারা অনুযায়ী পারিবারিক আদালতের মামলায় দেওয়ানি কার্যবিধি বা অন্য কোনো আইন প্রযোজ্য হবে না। এ দিক বিবেচনায় নিয়ে আদালত পারিবারিক অধ্যাদেশের আওতায় করা মামলায় পর্দানশিন নারী ছাড়া কোনো প্রতিনিধি বা অ্যাটর্নির মাধ্যমে কোনো পক্ষ মামলা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বলে রায় দিয়েছেন। এটি এ ধরনের সব মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আইনজীবীদের সূত্রে জানা যায়, বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা বিবাহবিচ্ছেদের পর তার সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত দাবি করে ২০১২ সালের ২৭ নভেম্বর নিম্ন আদালতে মামলা করেন। তবে বিদেশে থাকায় শিশুটির বাবা তার ভাইকে প্রতিনিধি নিযুক্ত করেন। মামলা চলাকালে প্রশ্ন ওঠে, সন্তানের বাবা বিদেশে থেকে প্রতিনিধির মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবেন কি না।

এ প্রশ্নে ২০১৩ সালের ৭ নভেম্বর ঢাকার সহকারী জজ মত দেন, ‘উভয় পক্ষের ব্যক্তিগত উপস্থিতি জরুরি বলে মনে করি।’ এর বিরুদ্ধে সন্তানের বাবা অতিরিক্ত জেলা জজ আদালতে আবেদন করেন। ২০১৫ সালের ২৫ নভেম্বর এ আদালত একই ধরনের মত দেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন সন্তানের বাবা, যার ওপর শুনানি নিয়ে আদালত রুল দেন। আর রুলের ওপর শুনানি শেষে গতকাল রায় হয়।

শিশুটির বাবার আইনজীবী তৌফিক ইনাম পরে বলেন, ‘পারিবারিক অধ্যাদেশ ১৯৮৫-এর আওতায় করা মামলায় কোনো পক্ষ প্রতিনিধির মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বলে অভিমত দিয়েছেন আদালত। পারিবারিক আদালতের এ মামলার ক্ষেত্রে পাওয়ার অব অ্যাটর্নি অ্যাক্ট প্রযোজ্য হবে না। এখন থেকে পারিবারিক আদালতে মামলার ক্ষেত্রে এটি সাধারণ রীতি হিসেবে গণ্য হবে বলে মনে করি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন