
নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার হাকিমপুর এলাকায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এসময় স্বামী স্ত্রীসহ আহত হয়েছেন ৫ জন। গতকাল বিকেলে বজ্রপাতের এই ঘটনাটি ঘটে । এসময় হাকিমপুর গ্রামের হায়দার আলীর ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র শাহরিয়ার হোসেন (১২) এবং একই গ্রামের তাহেরুল ইসলামের ছেলে আজিমুল (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। তারা সম্পর্কে চাচা ভাতিজা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় বজ্রপাতের এই ঘটনা ঘটে। এসময় স্বামী স্ত্রী সহ হাকিমপুর গ্রামের আরও ৫ জন আহত হয়। আহতরা হলেন সোবহান আলীর ছেলে আলাল (২৫), সানু মোহাম্মদের ছেলে আব্দুল মজিদ (৩৫), আলাল হোসেনের ছেলে রুবেল হোসেন (১৮) জশিম উদ্দিনের স্ত্রী রোজীনা আক্তার (২৩) এবং আব্দুস শফিকের ছেলে জশিমউদ্দিন (৩৫) ।
আহতদের একজনকে গুরুতর অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ২ নং তীরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বজ্রপাতে নিহত ও হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন ।