
নিউজ ডেস্কঃ বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিসিএল) ২ কর্মকর্তা চট্টগ্রামে পেনশন ও প্রভিডেন্ড ফান্ডের ফাইল ছাড়ার জন্য ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার দায়ে হাতেনাতে গ্রেপ্তার হয়েছে । গতকাল নগরীর নন্দনকানস্থ বিটিসিএল কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন ।
ঘুষের ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার হওয়া ২ কর্মকর্তা হলেন‒বিটিসিএল প্রধান সহকারী গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর হুমায়ুন কবির। বিষয়টি স্বীকার করে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মানিকলাল জানান, ‘বিটিসিএল’র উপ-সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম ভুঁইয়া চলতি বছর জানুয়ারিতে অবসরে চলে যান ।
এর পর থেকে গত ৭ মাস যাবৎ তিনি তার পেনশন এবং প্রভিডেন্ড ফান্ডের টাকার জন্য ফাইল তৈরি এবং ফাইলটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে বার বার ধরনা দিয়ে আসছিলেন নন্দনকানন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। কিন্তু এর জন্য প্রথমে ৫০ হাজার এবং পরে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন বিটিসিএল প্রধান সহকারী গিয়াস উদ্দিন ।
পরে অসহায় মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভুঁইয়া বিষয়টি দুদক কর্মকর্তাদের জানান অভিযোগ আকারে। আমাদের পরামর্শে তিনি ২০ হাজার টাকা ঘুষ দিতে রাজি হন। আজ ঘুষের টাকা লেনদেন করার সময় ২জনকে হাতেনাতে গ্রেপ্তার এবং গ্রেপ্তারকৃত বিটিসিএল কর্মকর্তা গিয়াস উদ্দিনের অফিসে তল্লাশি করে তার ও তার স্ত্রীর নামে করা ৮৩ লাখ টাকার সঞ্চয়পত্র ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি। সহযোগিতা করেন কোতোয়ালি থানা পুলিশ ।