
নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিল থানার নাশকতার একটি মামলার চার্জশিট আমলে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই গ্রেফতার পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আর এর আগে, গতকাল মঙ্গলবার মুগদা থানায় দায়ের করা আরেক মামলায় সেলিমা রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম। পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
এই বিষয়ে মতিঝিল থানার নাশকতার মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, শিরিন সুলতানা, মারুফ কামাল খান সোহেল, হাবিব-উন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, সফিউল আলম বাবু, মীর সরাফত আলী সপু, কাইয়ুম কমিশনার ও লতিফ কমিশনার। গত বছরের ফেব্রুয়ারি মাসে মতিঝিল থানা এলাকায় নাশকতার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছিল।
এই মামলায় চার্জশিটভুক্ত আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ অন্যান্যরা জামিনে রয়েছেন।