
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহীনে নদীতে কাঁকড়া ধরার সময় মুক্তিপণের দাবিতে ২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনী। আজ ভোরের দিকে সুন্দরবনে দারগাং নদী থেকে তাদের অপহরণ করা হয়। মুক্তিপণ না দিলে তাদেরকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে ।
অপহৃত জেলেরা হলেন- রমজাননগর ইউনিয়নে টেংরাখালী গ্রামের মৃত তারা কয়ালের ছেলে নূর ইসলাম কয়াল (২৮) এবং মুন্সিগঞ্জ ইউনিয়নের পাশ্বেখালী গ্রামের মৃত জান্নাত গাজীর ছেলে মুজিবর গাজী (৩০)। অপহৃত জেলেদের বরাত দিয়ে পাশ্বেখালী গ্রামের হযরত গাজীর ছেলে শাজাহান জানায়, বন অফিস থেকে অনুমতি নিয়ে দারগাং নদীতে কাঁকড়া ধরার সময় জোনাব বাহিনী ২ জেলেকে অপহরণ করে নিয়ে যায় ।
এক সপ্তাহের মধ্যে দেড় লাখ টাকা মুক্তিপণ না দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে বুড়িগোয়ালীনি বন স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, জেলে অপহরণের বিষয়ে শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি ।