
নিউজ ডেস্কঃ ইরানে বসবাসকারী যেসব বাংলাদেশি নাগরিকের মেশিন রিডেবল পাসপোর্ট নেই তাদের সমস্যার সমাধান হতে চলেছে। এ সমস্যা সমাধানের জন্য আগামী ৮-৯ই সেপ্টেম্বর একটি ভ্রাম্যমান দল তেহরান আসবে বলে আশা করা হচ্ছে। তেহরানের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এটিএম মোনেমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর দেয়া হয়েছে ।
ইরানের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী বৈধ বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভ্রাম্যমাণ পাসপোর্ট দলটি মাত্র ৭দিনের জন্য পাসপোর্টের আবেদনপত্র জমা নেবে। তাছাড়া, যেসব ব্যক্তি নিজের ছবি, নাম, মা-বাবা কিংবা নামের বানানের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংশোধন করতে চান না তাদের পাসপোর্ট নবায়নের বিষয়টিও বিবেচনা করা হবে ।
যেসব ব্যক্তির কাছে হাতে লেখা বৈধ পাসপোর্ট রয়েছে কিংবা যারা নতুন মেশিন রেডিবল পাসপোর্ট পেতে আগ্রহী তাদেরকে শিগগিরি তেহরানের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর সেকশনে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের ওয়েবসাইটে ভিজিট করেও এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তাছাড়া, বাংলাদেশ দূতাবাসের ৮৮৬০১৭৮১-৮৩ এবং ৮৮৬০১৪১৬-১৭ এই টেলিফোন নাম্বারেও যোগাযোগ করা যাবে ।