
নিউজ ডেস্কঃ চাঁদপুরে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের ২৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিব কুমার বিশ্বাস এই আদেশ দেন।
মামলার বিবরণে জানাগেছে, গত ২৭শে জুলাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার দায়ের প্রতিবাদে মতলব বাজারে মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই দিনই মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক তপন কুমার দাস বাদী হয়ে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের ৪৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন ।
ওই মামলায় ৩৪ জন জামিনের জন্য আজ দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিব কুমার বিশ্বাসের আদালতে যান। এর মধ্যে অসুস্থ থাকায় বিচারক ৬জনের জামিন মঞ্জুর এবং অন্য ২৮ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ।