
নিউজ ডেস্কঃ দেশের সবচেয়ে পুরোনো ও প্রথম মোবাইল অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (সিটিসেল) লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বিকেলে সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানান।
তারানা হালিম বলেন, সিটিসেলের কাছে লাইসেন্স ফি ও তরঙ্গ বাবদ ৪৭৭.৫১ কোটি টাকা বকেয়া রয়েছে। বার বার বলার পরেও তারা টাকা পরিশোধ করেনি। তাই সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, গ্রাহকরা আগামী ৭দিন সিটিসেলের রিম ব্যবহার করতে পারবেন। ৭দিন পর স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। আগামীকাল থেকে ৭দিনের গণনা শুরু হবে।