News71.com
 Bangladesh
 16 Aug 16, 06:57 PM
 355           
 0
 16 Aug 16, 06:57 PM

নীলফামারীতে নকল সার কারখানার সন্ধান ।।

নীলফামারীতে নকল সার কারখানার সন্ধান ।।

 

নিউজ ডেস্কঃ নীলফামারীতে নকল সার তৈরির সন্ধান পেয়েছে ভাম্যমাণ আদালত। এ সময় নকল সার তৈরির দায়ে কারখানার মালিক মামুনুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে । আজ দুপুরে জেলা শহরের কালীতলা নামক স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন। মামুনুর রহমান জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি চাকধাপাড়া গ্রামের এজাজুল হকের ছেলে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কালীতলায় দেশ কয়েল ফ্যাক্টরিসংলগ্ন একটি নকল সার তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। আজ সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে জিপসার, জিঙ্ক, অ্যাবোন, সয়োবিট ডায়জিসনসহ প্রায় ১৪ প্রকারের নকল সার কীটনাশক  এবং বালাই নাশক উদ্ধার করা হয়। সেখানে ডলোচুন, সিমেন্ট, বালি মিশিয়ে দানা তৈরি করার পর সেটি রং করে বিভিন্ন প্রতিষ্ঠিত কম্পানির নামে প্যাকেট করে বাজারজাত করা হচ্ছিল। এতে কৃষকরা প্রতারিত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন জানান, "সেখানে অভিযান চালিয়ে নকল সার তৈরির কারখানার মালিক মামুনুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা জমা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কারখানা থেকে উদ্ধার করা মালামাল ধ্বংস করা হয়েছে।

আজ দুপুরে সরেজমিনে ওই কারখানায় গিয়ে দেখা যায় নকল সার তৈরির বিভিন্ন সরঞ্জাম। সেখানে রয়েছে সার তৈরির কাঁচামাল হিসেবে বালি, সিমেন্ট, ডলোচুনসহ বিভিন্ন উপকরণ। এসব দানায় রং মিশিয়ে বিভিন্ন কম্পানির নামে প্যাকেটজাত করে সরবরাহের জন্য সংরক্ষণ করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ওই কারখানায় সংরক্ষিত মালামালের আংশিক উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। আর দেশ কয়েল কারখানার আড়ালে ওই নকল সারের ব্যবসা চালানো হচ্ছে। এ ব্যাপারে ওই সার কারখানার মালিক মামুনুর রহমান জানান, "আমি ভাড়ায় একটি ঘরে ওই সার তৈরির কারখানা গড়ে তুলেছি। আমি ভুল করেছি, আদালতে ক্ষমা প্রার্থনা করেছি।" অপরদিকে, দেশ কয়েল ফ্যাক্টরির মালিক হাফিজুর রহমান জানান, "আমার ছোট ভাই রফিকুল ইসলামের জায়গা ভাড়া নিয়ে মামুনুর রহমান ওই কারখানা গড়ে তুলেছে। কয়েল ফ্যাক্টারির সঙ্গে এর কোনো  সম্পর্ক নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন