
নিউজ ডেস্ক: বানের জলে ভেসে আসা সেই 'বঙ্গ বাহাদুর' নামে পরিচিতি পাওয়া হাতিটিকে নিয়ে আর কাউকে ভাবতে হবে না। জামালপুরের সরিষাবাড়ীতে আজ মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়েছে সেই হাতিটি। সকাল ৬ টার দিকে মৃত্যু হয়েছে তার। গতকাল সোমবার থেকেই সে অসুস্থ হয়ে পরে। এর কারণে আর উঠতে পারছিল না বঙ্গ বাহাদুর। তার মৃত্যুতে এলাকাবাসিকে কাঁদতে দেখা গেছে।
জানা গেছে, গতকাল সোমবার হাতিটির শরীরের তাপমাত্রা ছিল বেশি। অসুস্থ হয়ে জলকাদাতে পড়ে গিয়েছিল। সেখান থেকে আর উঠতে পারছিল না। তাকে সুস্থ করতে সব চেষ্টাই করা হচ্ছিল। ইনজেকশনের মাধ্যমে ১২টি স্যালাইন দেওয়া হয় তার শরীরে। কিন্তু চিকিৎসা, সেবা কোনোকিছুতেই কাজ হলো না। চলে গেলো সে।
বঙ্গ বাহাদুরকে নিয়ে অনেক পরিকল্পনা ছিল। তাকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে নেওয়া হবে। আজ সকালেই সরিষাবাড়ীতে চট্টগ্রামের কাপ্তাই থেকে আরো দুটি হাতির চলে আসার কথা। তাদের সাহায্যে বঙ্গ বাহাদুরকে উদ্ধার করা হবে। কিন্তু সেই সুযোগ আর দিল না বঙ্গ বাহাদুর।
উল্লেখ, গত ২৮ জুন হাতিটি বানের জলে ভেসে কুড়িগ্রামের রৌমারী, গাইবান্ধা, বগুড়ার সারিয়াকান্দি, সিরাজগঞ্জের কাজিপুরের মুনসুর নগর ইউনিয়নের ছিন্নার চর হয়ে গত ২৭ জুলাই জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নে আসে। এভাবে ঘুরতে তাকা হাতিটি বেশ জনপ্রিয়তা পেয়ে যায়। আদর করে তার নাম দেওয়া হয় বঙ্গ বাহাদুর। গত সপ্তাহে তাকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। কিন্তু কিছুতেই বাগ মানানো যাচ্ছিল না। শেষ পর্যন্ত বশে না আসে চির অজানায় চলে গেল সেই বঙ্গ বাহাদুর।