
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর কাপাশিয়া এলাকায় ছিনতাইকারীদের হাতে গুলিবিদ্ধ বিকাশকর্মী রবিউল ইসলাম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে একই ঘটনায় গুলিবিদ্ধ অপর বিকাশকর্মী মমিনুল ইসলাম (৩৫) সুস্থ আছেন।
আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রবিউল মারা যান। নিহত বিকাশকর্মী রবিউল ইসলাম রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে।
এ বিষয়ে রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, বুকের নিচে গুলি লাগা রবিউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক ছিলো।
উল্লেখ্য, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর কাপাশিয়া এলাকায় দুই বিকাশ কর্মীকে গুলি করে ১২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হলে গুলিবিদ্ধ রবিউল রবিবার ভোরে মারা যান।