
নিউজ ডেস্ক; ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় ট্রাকচাপায় ইকবাল হোসেন নিরব (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার বেজগাতি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে ।
এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অশোক কুমার জানান, আজ সকালে উপজেলার বেজগাতি গ্রামের ইদ্রিস সরদারের পুত্র ও কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্র ইকবাল হোসেন নিরব সহপার্টিদের সাথে স্কুলে রওনা দেয়। সড়কের পাশ দিয়ে পায়ে হেটে স্কুলে যাওয়ার সময় ফরিদপুর থেকে বরিশালগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৪৫৩৯) নিয়ন্ত্রণ হারিয়ে নিরবকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় নিরবকে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা যায় সে ।
এসআই আরো জানান, হাইওয়ে পুলিশ ট্রাকটি ধাওয়া করে ঘাতক চালক গৌতম রায় (৩৫)সহ ট্রাকটি আটক করে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়নাতন্ত্রের জন্য লাশটি বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে ।