News71.com
 Bangladesh
 13 Aug 16, 07:05 PM
 393           
 0
 13 Aug 16, 07:05 PM

বান্দরবানের বাইশারি-ঈদগড় সড়কে মেরামতের দাবিতে বাস চলাচল বন্ধ ।।

বান্দরবানের বাইশারি-ঈদগড় সড়কে মেরামতের দাবিতে বাস চলাচল বন্ধ ।।

 

নিউজ ডেস্কঃ বান্দরবানের বাইশারি-ঈদগড় সড়ক মেরামতের দাবিতে গত ১১ই আগস্ট থেকে এই সড়কে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক ও চালক সমিতি ।

পরিবহন মালিক সমিতি জানিয়েছে, সংস্কার না করায় ১০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক যানবাহন চলাচলের উপযুক্ততা হারালেও ঝুঁকি নিয়েই তারা যানবাহন চলাচল চালু রেখেছেন। এর ফলে ঘনঘন যানবাহন বিকল হয়ে তারা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ।

সরজমিনে পরিদর্শনে দেখা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার জনবহুল এবং রাবার বাগান সমৃদ্ধ এলাকা বাইশারি ইউনিয়ন সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম বাইশারি-ঈদগড় সড়ক। কক্সবাজার জেলার ঈদগা থেকে শুরু হওয়া এই পাকা সড়কটির প্রায় সব জায়গা ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। রাস্তার ওপর বৃষ্টির পানি জমে কয়েকটি স্পট পাহাড়ি ছড়ায় এবং কয়েকটি স্পট চাষাবাদের জমিতে পরিণত হয়ে আছে। অন্যদিকে সড়কের বিভিন্ন পয়েন্টে কালভার্ট ভেঙ্গে সড়কটি মৃত্যুকূপে রূপ নিয়েছে ।

হিল লাইন মিনিবাস মালিক সমিতির ম্যানেজার সেলিম উদ্দিন জানান, রাস্তার দুরাবস্থার কারণে তাদের সমিতির অধিকাংশ গাড়ি দুর্ঘটনা কবলিত হতে হতে এখন প্রায় অকেজো হয়ে পড়েছে। রাস্তার পাশেই পড়ে আছে কয়েকটি গাড়ি। ঝুঁকিপূর্ণ এই সড়কে গাড়ি চালাতে রাজী হচ্ছেন না কোন ড্রাইবার। এ অবস্থায় গাড়ি চলাচল বন্ধ করা ছাড়া তাদের কোন উপায় ছিল না।

প্রায় একই কথা বলেন হিল লাইন মালিক সমিতির ঈদগাঁও অফিসের অফিস ইনচার্জ মুফিজুর রহমান। তিনি জানান, রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সমিতিভুক্ত চালকরা গাড়ি চালাতে অপারগতা প্রকাশ করেছে। এদিকে বাইশারি বাজার সমিতির সভাপতি জাহাঙ্গির আলম বাহাদুর জানান, গাড়ি যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে বাইশারি ইউনিয়নের ৩টি গুরুত্বপূর্ণ বাজারে মালামাল আনা নেওয়া বন্ধ হয়ে গেছে ।

এ ব্যাপারে বাইশারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, গাড়ি চলাচল সচল রাখার জন্য তিনি নিজ উদ্যোগে সড়কের ভাঙ্গা পয়েন্টগুলোতে ইট ও বালি দিয়ে সংস্কারের কাজ শুরু করেছেন। এ কারণে গতকাল থেকে সীমিত পর্যায়ে জীপ ও বেবী টেক্সী চলাচল করছে। তবে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগ ছাড়া এই সড়ককে বাস ও মিনিবাস চলাচল উপযোগী করা তার পক্ষে সম্ভব হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন